আয়ুশ মাত্রে—এই নামটা এখন যুব ক্রিকেট ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা থাকবে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে মাত্র ৬৪ বলে সেঞ্চুরি করে গড়েছেন নতুন রেকর্ড। এটিই যুব টেস্ট ইতিহাসের দ্রুততম শতক।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের সামনে ছিল ৩৫৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা। চতুর্থ ইনিংসে এমন টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা—শূন্য রানে বিদায় নেন বৈভব সূর্যবংশী। তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণে নামেন অধিনায়ক মাত্রে।
চতুর্থ ওভারে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে গতি বাড়ান আয়ুশ মাত্রে। এরপর পঞ্চম ওভারে অ্যালেক্স গ্রিনকে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন তিনি। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। দশ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৭৮ রান, যা টেস্ট ম্যাচে ছিল ওয়ানডে ধাঁচের চিত্র।
১৪তম ওভারে যখন দ্বিতীয় উইকেট পতন হয়, তখন ভারতের রান ১০৪। এরপর অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে গড়েন আরেকটি দ্রুতগতির জুটি। কুন্ডু রান চাপ কমিয়ে দিলে আয়ুশ মাত্রে ধীরে ধীরে পৌঁছে যান নব্বইয়ের ঘরে। আরেকটি ছক্কা হাঁকিয়ে কাছাকাছি পৌঁছে যান ঐতিহাসিক মাইলফলকের। এরপর কটি একক রান নিয়ে পৌঁছান রেকর্ড শতকে—মাত্র ৬৪ বলে।
এর আগে সবচেয়ে দ্রুত যুব টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জর্জ বেলের, যিনি ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে শতক করেন। মাটারেই ছিলেন আগের তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক, যখন প্রথম টেস্টে তিনি ১০৭ বলে শতক করেছিলেন।
আয়ুশ মাত্রে শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১২৬ রান করেন, যেখানে ছিল ১৩টি চার ও ৬টি ছক্কা। এর আগে প্রথম ইনিংসে তিনি মাত্র ৯০ বলে ৮০ রান করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে মাত্রের সংগ্রহ দাঁড়ায় ২০৬ রান, স্ট্রাইক রেট ১২১.১৭ — যা ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব টেস্টে ব্রেন্ডন ম্যাককালামের করা ১০৮.৪১ স্ট্রাইক রেটকেও ছাড়িয়ে গেছে। আয়ুশ মাত্রে এখন একমাত্র ব্যাটার যিনি যুব টেস্টে ২০০-এর বেশি রান করেছেন এত উচ্চ স্ট্রাইক রেটে।
আয়ুশ মাত্রে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার ভারতীয় যুব টেস্ট রেকর্ডও ভেঙেছেন। ৯টি ছক্কা মেরে তিনি আগের রেকর্ডধারী মনোজ তিওয়ারিকেও ছাড়িয়ে গেছেন।
শেষ পর্যন্ত ৮০ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে থামেন মাটারে। তার ইনিংসে ছিল ১৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা। নেতৃত্ব, ধারাবাহিকতা আর দাপট—সব মিলিয়ে এই ভারতীয় যুব তারকা নিঃসন্দেহে ভবিষ্যতের তারকা হিসেবে নিজের নাম জোরাল করে তুলেছেন।