আইফোন কেনার জন্য অপহরণ-ধর্ষণের নাটক, ২ সহপাঠী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাদশ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার আইফোন কেনার জন্য অপহরণ ও গণধর্ষণের নাটক সাজিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এই তথ্য জানান। ঘটনায় জড়িত সন্দেহে মাহিয়ার দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে আটক করা হয়েছে।

ওসি জানান, বুধবার সরকারি মুড়াপাড়া কলেজের ওই ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর তার পরিবার রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ মাহিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নারায়ণগঞ্জে চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠায়।

প্রযুক্তি ব্যবহার করে তদন্তে পুলিশ জানতে পারে, মাহিয়া আইফোন কেনার জন্য কয়েকদিন ধরেই চেষ্টা করছিলেন। এ নিয়ে সহপাঠী সিফাত ও সিনথিয়ার সঙ্গে পরিকল্পনা করে অপহরণের ছক কষেন তিনি। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকালে কলেজ যাওয়ার কথা বলে মাহিয়া বাসা থেকে বের হন। এরপর সিফাত মাহিয়ার মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে মেয়েকে গণধর্ষণের হুমকি দেন।

গত মঙ্গলবার রাতে মাহিয়া বান্ধবী সিনথিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। পরদিন পরিবার থেকে টাকা না পেয়ে বন্ধু সিফাতের সহায়তায় একটি তুষকা সিরাপ কিনে অর্ধেক পান করেন মাহিয়া এবং মুড়াপাড়া কলেজের পেছনে গিয়ে শুয়ে পড়েন। পরে সিফাত মাহিয়ার বাড়িতে ফোন দিয়ে জানান, টাকা না দেওয়ায় মেয়েকে কলেজের পেছনে ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়ার সহপাঠী সিফাত ও সিনথিয়াকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।