চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা। দুপুর ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইট ভাটার পাশে মালিক বিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।