পাঁচ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজকের ম্যাচটি জিতলে টানা পাঁচ টি-টোয়েন্টি জয়ের কীর্তির পুনরাবৃত্তি হবে। এর আগে গত বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা পাঁচ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড আছে টাইগারদের।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে পাঁচ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে ঢুকেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদও নাসুম আহমেদ। পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ফখর জামান ও খুশদিল শাহকে বাদ দিয়ে সাহিবজাদা ফারহান ও হুসেইন তালাতকে এ্কাদশে নেওয়া হয়েছে।

এই মুহূর্তে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ জিতলেই পাকিস্তানকে ধবল ধোলাই করা যাবে। এর আগে মাত্র তিনবারই কোনো দলকে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারাতে পেরেছে বাংলাদেশ। ২০১২ সালে আয়ারল্যান্ড, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই তালিকায় আজ পাকিস্তানের নাম যোগ হবে কিনা- সেটাই দেখার।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোঃ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (সি), হাসান নওয়াজ, হুসেইন তালাত, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল, সালমান মির্জা।