নারায়ণগঞ্জ আড়াইহাজার একই রাতে পৃথক ৬ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে আড়াইহাজার পৌরসভার দীঘলদি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল প্রথমে আখতার হোসেন ঢালীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ২ টি ল্যাপটপ, মোবাইলফোন ও মূল্যবান মালামাল লুট করে।
অপরদিকে, রাত ৪টার দিকে একই গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। এরপর জামান ডাক্তারের ভাড়াটিয়ার বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ১০ হাজার টাকা, সজল ভূঁইয়ার বাড়ি থেকে নগদ টাকাসহ এক ভরি স্বর্ণ ও নারিংদীর দুইটি বাড়িতে একইভাবে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাত দলের প্রত্যেকের বয়স ছিল ২২ থেকে ২৮ বছরের মধ্যে। ডাকাতির সময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল।
এদিকে ঘন ঘন ডাকাতির ঘটনায় পুরো আড়াইহাজার উপজেলায় ডাকাত আতঙ্কে দিনাতিপাত করছেন উপজেলা বাসী। এক দুই দিন বিরতি দিয়ে সপ্তাহে প্রায় পাঁচদিনই কোনো না কোনো এলাকায় ডাকাতি সংঘটিত হচ্ছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন সাধারণ মানুষ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় কেউ মামলা করেননি।