গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে রোগীদের খাবার, নিয়োগ ও টেন্ডারে অনিয়ম, হাসপাতাল অপরিষ্কারসহ বিভিন্ন অনিয়ম পেয়েছে।

নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দুদক হাসপাতালের রন্ধনশালা, চিকিৎসকের কক্ষ, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে। এ সময় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যর একটি দল উপস্থিত ছিল।

দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, দুদক এ সময় দেখতে পায় রোগীদের নিম্নমানের খাবার তৈরি করা হচ্ছে। রোগীদের খাবারের জন্য চিকন চাল দেওয়ার কথা থাকলেও পাওয়া যায় কম মূল্যের মোটা চাল। ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডার প্রক্রিয়ায় ওষুধ ও অন্যান্য সামগ্রী সর্বনিম্ন দরদাতাকে প্রোভাইড না করে, উচ্চ মূল্যের দরদাতাকে প্রোভাইড করেছেন হাসপাতালের বড়বাবু জামাল। এ ব্যাপারে রেকর্ড পত্র পর্য়ালচনা করবে দুদক।

এ ছাড়া কবির হোসেন তিনি উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একজন স্বাস্থ্য সহকারী। কিন্তু একই ওয়ার্ডে তার স্ত্রী নুসরাত জাহান স্বামীর ঠিকানা গোপন রেখে বাবার ঠিকানায় চাকরি নিয়েছেন, যেটা আইনবহির্ভূত কাজ। তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান মিঞার কাছে তুলে ধরেন তিনি। এ ছাড়া পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।