পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে নামার আগেই চমক দিয়েছে বাংলাদেশের একাদশ। পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। তবে এই রিজার্ভ বেঞ্চ পুরোপুরি ব্যর্থ হয়েছে। মিরপুরের বদলে যাওয়া উইকেটে পাকিস্তানের রান পাহাড় তাড়ায় নেমে জয়ের কোনো ইচ্ছাই দেখা যায়নি দলের মাঝে। ৯ ব্যাটার দুই অংকে যেতে পারেননি! তালগোল পাকিয়ে বাংলাদেশ হেরেছে ৭৪ রানের বিশাল ব্যবধানে। তাই তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেই সন্তুষ্ট থাকতে হলো লিটন দাসের দলকে।
রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বল থেকেই বাংলাদেশের উল্টো পথে হাঁটা শুরু্। একাদশে সুযোগ পাওয়া তানজিদ তামিম ফেরেন শূন্য রানে। অধিনায়ক লিটন দাস ৮ বলে ৮ রান করে ফাহিম আশরাফের নীরিহ বলে বোল্ড হয়ে যান। এত দ্রুত উইকেট পড়ছিল যে, কে কীভাবে আউট হচ্ছেন সেটা মাথায় নেওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছিল। ১৭ বলে ১০ রান করা নাঈম শেখ, ৯ রান করা মেহেদী মিরাজ এবং জাকের আলী ১ রানে আউট হলে ৪.২ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
স্বাগতিকদের এই ব্যাটিং বিপর্যয় দেখে প্রেসবক্সে থাকা পাকিস্তানি সাংবাদিকদের মুখে হাসি ফোটে। খেলার চিন্তা বাদ দিয়ে মিরপুরের স্মৃতি ধরে রাখতে তারা ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন। মিডল অর্ডারে শেখ মেহেদী (০), শামীম পাটোয়ারী (৫) দুই অংকে যেতে পারেননি। ৪১ রানে নেই ৭ উইকেট। নাসুম আহমেদ করেন ৯ রান। একটা সময় মনে হচ্ছিল, দলীয় সর্বনিম্ন ৭০ রানের রেকর্ড আজ ভেঙে যায় কিনা!
সাইফউদ্দিনের সৌজন্যে সেই রেকর্ড আজ ভাঙেনি। তবে এই পেস বোলিং অল-রাউন্ডারের ৩৪ বলে ২ চার ২ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংসও দলের কোনো কাজে আসেনি। পরাজয়ের ব্যবধান কমেছে মাত্র। শরীফুল ইসলাম ৮ রানে ক্যাচ দিতেই ১৬.৪ ওভারে ১০৪ রানে অল-আউট হয় বাংলাদেশ। ৩টি উইকেট নেন সালমান মির্জা, ২টি করে নেন ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নওয়াজ।
এর আগে আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান তোলে পাকিস্তান। উইকেট ব্যাটিং সহায়ক থাকায় তাদের শুরুটা ছিল দারুণ। ৭.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে ৮২ রান। সাইম আইয়ুবকে (২১) ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। দলের দ্বিতীয় উইকেটও আসে তার ঘূর্ণিতেই। ২৯ বলে ফিফটি করা সাহিবজাদা ফারহান ৬৩ রান করে আউট হন শেখ মেহেদীর তালুবন্দি হয়ে।
দুইবার জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে (৫) সেই নাসুমের তালুবন্দি করেন তাসকিন। পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটান শরীফুল ইসলাম। ১৭ বলে ৩৩ রান করা হাসান নওয়াজ ফেরেন শেখ মেহেদীর দারুন ক্যাচে। নিয়মিত উইকেট হারালেও শেষ পাঁচ ওভারে পাকিস্তান তুলেছে ৪৬ রান। ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, ২টি নিয়েছেন নাসুম। এছাড়া একটি করে শিকার ধরেছেন শরীফুল এবং সাইফউদ্দিন।