এআই চ্যাটবট গ্রকের শিশুবান্ধব সংস্করণ ‘বেবি গ্রক’ আনার ঘোষণা করেছেন স্পেসএক্স ও টেসলা প্রধান ইলন মাস্ক। ডিওজিইর সাবেক প্রধান মাস্ক সামাজিক মাধ্যম এক্স-এ এক ঘোষণায় লেখেন, ‘আমরা এক্সএআইয়ে ‘বেবি গ্রক’ তৈরি করতে যাচ্ছি, এটি শিশুবান্ধব কনটেন্ট তৈরির একটি অ্যাপ।’
ধারণা করা হচ্ছে, এটি গ্রক এআই চ্যাটবটের একটি সহজ সংস্করণ, যা শিশুদের সঙ্গে নিরাপদ ও শিক্ষামূলক আলোচনা করবে।
এক্সএআইয়ের গ্রক ৪ চালু করার পরপরই ‘বেবি গ্রকের’ ঘোষণা এলো। গ্রক ৪ নিয়ে মাস্ক এক লাইভস্ট্রিমে বলেন, ‘এতে উন্নত প্রশিক্ষণ সক্ষমতা আছে।’
‘আমি মনে করি এ বছরের শেষের দিকেই এটি নতুন প্রযুক্তি আনতে পারবে। যদি পরের বছরও না পারে তাহলে হতাশ হবো। তাই আশা করব গ্রক আক্ষরিক অর্থেই এমন নতুন প্রযুক্তি তৈরি করবে, যা আগামী বছরের মধ্যে বা এ বছরের শেষ দিক থেকে কার্যকর হবে’, লাইভস্ট্রিমে বলেন মাস্ক।
এক্স-এ একাধিক ‘ইহুদিবিরোধী মন্তব্য’ করে বটটি সমালোচনার মুখে পড়ার কিছু সময় পরই এ আপডেটের ঘোষণাটি এলো বলে প্রতিবেদনে লিখেছে ফক্স বিজনেস।
এ ছাড়া গ্রকের আগের একটি ইউজার মোড ‘অ্যানি’কে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এতে ছিল ‘ফ্লার্টিশাস ডায়লগ’ ও ইঙ্গিতপূর্ণ অবতার, যা কিছু ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি করে। এমনকি ‘কিডস মোড’ চালু থাকা অবস্থায়ও শিশুরা এই বটের সঙ্গে এমন কথোপকথনে জড়িয়ে পড়তে পারে।