৭ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের অন্তত সাতটি জেলার নদীবন্দর এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অফিসের জারি করা সতর্কবার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য ঝোড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বা অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, সারাদেশে বজ্রসহ বৃষ্টির এ ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।