গাইবান্ধায় থানার ভেতরে প্রবেশ করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই থানায় কর্মরত এক এএসআই আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাঘাটা থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় থানায় পুলিশরা ডিউটি করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত এক যুবক ছুরি হাতে থানায় প্রবেশ করে এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে কর্মরত এএসআই মহাসীন আলী যুবককে আটকের চেষ্টা করে। এ সময় ওই যুবক মহাসীন আলীকে ছরিঘাত করেন।
থানা পুলিশ ও স্থানীয়রা যুবককে ধরতে ধাওয়া করলে, থানার পাশে একটি পুকুরের পানিতে লাফ দিয়ে লুকিয়ে পড়েন। পরে আহত এএসআই মহসীন আলীকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার (ভারপ্রাপ্ত) ওসি মশিউর রহমান। তিনি জানান, আহত এএসআই মহাসীন আলী হাতে ও কপালে জখম হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অজ্ঞাত যুবককে আটকের চেষ্টা চলছে।