দগ্ধ রোগীদের সহায়তায় বার্ন ইনস্টিটিউটে চীনা চিকিৎসক দল

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে শুক্রবার (২৫ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন পাঁচ সদস্যের চীনা চিকিৎসক দল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এই বিশেষজ্ঞ দলে রয়েছেন চাউ উইং কিট চেস্টার (ঝোউ ইয়োংজি), ওয়ে গুইরু, তান কুই ইউয়েন, ওয়ং জোলিন এবং আইরিন ওয়ং মেই জিন। 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি চিকিৎসাসেবা প্রতিনিধি দলকে স্বাগত জানান।

তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে রোগীদের চিকিৎসায় অংশ নিয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিচ্ছেন। বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদানই তাদের মূল লক্ষ্য।

এদিকে, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছে। বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় আসে।