পটিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের গার্মেন্টস ঘেরাও

চট্টগ্রামের পটিয়ায় বিসিক শিল্প নগরীতে নিটেক্সপো লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন না দেওয়ার প্রতিবাদে কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত কারখানা ঘেরাও করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। একাধিকবার বেতন প্রদানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত তারিখে তা দেওয়া হয়নি।

বিক্ষোভরত এক শ্রমিক বলেন, আমরা মাসের পর মাস কাজ করি, অথচ সময়মতো বেতন পাই না। আমাদের ঘরে খাবার নেই, বাসা ভাড়া বকেয়া, সন্তানদের স্কুলের ফি দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে গার্মেন্টস মালিক নওয়াব আলি জানান, শ্রমীকদের বেতন আগামী ৩০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।

এদিকে, শ্রমিকদের বিক্ষোভের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশের আগামী ৩০ তারিখ বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকরা যে যার মতো ফিরে যান।