প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষপ্রান্তে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই আমার একমাত্র লক্ষ্য। তবে এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়-এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনায় যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতি কালে সিইসি এ মসজিদে নামাজ আদায় করেন।
তিনি বলেন, দীর্ঘ সরকারি চাকরিজীবনে অনেক দায়িত্ব পালন করেছি, কিন্তু বর্তমান দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নামাজ শেষে ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।