আওয়ামী লীগের কার্যালয়ে নতুন ব্যানার, করা হচ্ছে পরিষ্কারও

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। গত বুধবার থেকে ১০ তলা ভবনটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এর আগে ভবনের সামনে ‘জুলাই যোদ্ধার প্রধান কার্যালয়’ লেখা ব্যানার টানানো ছিল। এখন সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা দুটি নতুন ব্যানার দেখা যাচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর দীর্ঘদিন এটি অব্যবহৃত ছিল। ভবনের আসবাবপত্র ও ধাতব সামগ্রী লুটপাট করা হয়। পরিত্যক্ত অবস্থায় এটি রিকশাচালক, শ্রমিক ও ছিন্নমূল মানুষের ব্যবহার্য স্থানে পরিণত হয়। মলমূত্র ও আবর্জনার কারণে ভবনটির আশেপাশে দুর্গন্ধ ছড়াত।

বৃহস্পতিবার ভবনটির দোতলা ও তৃতীয় তলার আবর্জনা পরিষ্কার করা হয়। প্রায় ১০-১২ জন কর্মী সেখানে কাজ করে। তারা জানায়, পুরো ভবন পরিষ্কার করা হবে। তবে নতুন ব্যানার সম্পর্কে তারা বিস্তারিত কিছু বলতে রাজি হননি। শুধু এতটুকু জানান, ভবনটি পরিষ্কার করার পর ছাত্র-জনতার হাতে তুলে দেওয়া হবে। এখানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য অফিস করা হবে।

গুলিস্তানে আওয়ামী লীগের পুরোনো কার্যালয় ভেঙে ১০ তলা এই ভবনটি নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২৩ জুন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই ভবনটি একসময় দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে পরিচিত ছিল।