ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

গাজায় গণহত্যা বন্ধে ইরান-বাংলাদেশ একমত

গাজা ইস্যুতে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে দুই পক্ষই গাজায় গণহত্যা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের সাম্প্রতিক হামলা ও ফিলিস্তিনিদের খাদ্য ও পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা দখলদার সরকারের ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ।

ফোনালাপে তিনি গাজায় গণহত্যা মোকাবিলায় এবং অসহায় ফিলিস্তিনি জনগণের কাছে জরুরি সহায়তা পাঠানোর জন্য ইসলামী দেশগুলোর সিদ্ধান্তমূলক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইসরাইলি অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।