গাজীপুরের কালিয়াকৈরে কৃষি জমিতে জমে থাকা হাঁটু পানি থেকে জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কামারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন কালিয়াকৈর উপজেলার সেজাবহ এলাকার সমেজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামারচালা এলাকায় সফিপুর-জামালপুর চৌরাস্তার পাশে শুক্রবার সকালে কৃষি জমিতে জমা থাকা পানি ও কাঁদা মাটিতে ওপর হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।