এম৫ চিপযুক্ত অ্যাপলের পরবর্তী আইপ্যাড প্রোতে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোডে ছবি তোলা এখন আরও সহজ হবে। চলতি বছরের শেষের দিকে যে আইপ্যাড প্রো মডেলটি আসবে, তার পোর্ট্রেট প্রান্তে একটি দ্বিতীয় ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যোগ করবে অ্যাপল।
এটি ছোটখাটো একটি সুবিধা মনে হতে পারে, কিন্তু এর ফলে আইপ্যাড প্রো যেকোনো একটি ক্যামেরা ব্যবহার করে সেলফি বা ফেসটাইম কলে সাবজেক্টকে ফ্রেমের কেন্দ্রে রাখতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
আগের আইপ্যাড মডেলগুলোর তুলনায় নতুন এম৫ চিপ থাকা আইপ্যাড প্রোতে ফ্রন্ট-ফেইসিং ক্যামেরার অবস্থান নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। আগে আইপ্যাডে ক্যামেরা শুধু পোর্ট্রেট প্রান্তে থাকত, তবে ২০২৪ সালে আইপ্যাড প্রো এম৪-এ অ্যাপল তা ল্যান্ডস্কেপে নিয়ে আসে।
ল্যান্ডস্কেপ মোডে আইপ্যাড ব্যবহারকারীরা তখন এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছিলেন। তবে পোর্ট্রেট মোড ব্যবহারে অভ্যস্তদের জন্য ফেস আইডি দিয়ে আনলক করা কিছুটা কঠিন হয়ে পড়েছিল।
এই নতুন আইপ্যাড প্রোতে শুধু ক্যামেরার উন্নতিই নয়, বরং এম৫ চিপ-এর কারণে পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সিতেও কিছুটা উন্নতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
শুধু আইপ্যাড প্রো নয়, অ্যাপল পরবর্তী প্রজন্মের চিপ দিয়ে ভিশন প্রো, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও আইম্যাকও উন্নত করার কথা বিবেচনা করছে বলে গুঞ্জন চলছে।