সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আকতারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে গতকাল শুক্রবার বেলা ৩টায় শহীদ সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আমিনুল হককে কাছে পেয়ে আবেগাপ্লুত এবং কান্নায় ভেঙে পড়েন শহীদ সারিয়ার বাবা ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা। এ সময় আমিনুল হক বলেন, ‘সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এ শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।’ সারিয়ার পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে সাফজয়ী সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, ‘বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।’

আমিনুল হকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ অন্য নেতারা।

এর আগে সকালে পল্লবীতে বাইতুল মুমিন জামে মসজিদে জানাজার গোসলখানা ও ফ্রিজিং হিমঘরের উদ্বোধন করেন আমিনুল হক।