ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে দেখা গেল রান উৎসব। অধিনায়ক শেই হোপের সেঞ্চুরিতে দুই শতাধিক রান করেও জিততে পারেনি স্বাগতিক উইন্ডিজ। জবাবে টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এরইসঙ্গে পাঁচ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলেছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২১৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১১.৪ ওভার স্থায়ী ব্রেন্ডন কিং আর শেই হোপের ওপেনিং জুটিতেই আসে ১২৫ রান। ব্রেন্ডন ৩৬ বলে ৩ চার ৬ ছক্কায় ৬২ আর হোপ ৫৭ বলে ৮ চার ৬ ছক্কায় অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। পরের চার ব্যাটারের মধ্যে কেবল রাদারফোর্ড (১২) দুই অংকে যেতে পারেন। বাকি তিনজনই করেন ৯ রান করে।
রান তাড়ায় ৩০ রানে প্রথম উইকেট হারানোর পর ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছিল অস্ট্রেলিয়া। ৮৭ রানে যখন তাদের ৪ উইকেট পড়ে যায়, তখন উইন্ডিজের জয় নিয়ে কারও সংশয় ছিল না। তখনই পাল্টা আক্রমণ শুরু করেন টিম ডেভিড আর মিচেল ওয়েন। ৬ চার এবং ১১ ছক্কায় মাত্র ৩৭ বলে সেঞ্চুরি তুলে নেন ডেভিড। অপরাজিত থাকেন ১০২ রানে। ওয়েন ১৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে মাত্র ৪৬ বলে ১২৮ রান, যার ৮৭ রানই করেছেন ডেভিড। সিঙ্গাপুর বংশোদ্ভুত এই অজি তারকার তাণ্ডবে ২৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বৃথা যায় শেই হোপের সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন টিম ডেভিড। সিরিজের বাকি দুই ম্যাচ আগামীকাল ২৭ জুলাই এবং ২৯ জুলাই। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।