কুমিল্লার তিতাস ও দাউদকান্দিতে হত্যা, চাঁদাবাজি, নির্যাতন ও মাদকসহ দুইডজন মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী মামুন সম্রাটকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটছে। নিহত মামুন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা জানায়, মামুন গৌরিপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনার জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, খুন হওয়া মামুনের সাথে তিনজন মেয়ে ছিল। তারা কে কে ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে গৌরীপুর বাসস্ট্যান্ডে কাউন্টারে থামলে মামুন বাস থেকে নামলেই হত্যা করে দুবৃত্তরা।
মামুনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ দাউদকান্দি ও তিতাস থানায় ২৩টি মামলা রয়েছে। গত ফেব্রুয়ারি ও মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এক মাস আগে সে জামিনে বের হয়ে আসে।