নওগাঁর মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলাপার নিহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চালক। নিহত ব্যক্তি হলেন শ্রাবণ মোল্লা (২১) । তিনি রাজশাহীর পবা উপজেলার দুয়ারী গ্রামের রিপন মোল্লার ছেলে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে রেখে ট্র্রাকের ড্রাইভার ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ধাক্কায় বালু বোঝাই ট্রাকটি উলটে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের হেলপার মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ট্রাকচালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।