লালমনিরহাটের আদিতমারীতে জমি দখলে বাধা দিতে গিয়ে আছিয়া বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও তিনজন সদস্য। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করছে।
আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেওয়া এলাকার মৃত আফার উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন নিহতের ছেলে দলিল উদ্দিনের স্ত্রী রুবিয়া বেগম (৪৫), রুবিয়ার দুই ছেলে আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (৩০)। তাদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আছিয়া বেওয়ার ছেলে দলিল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, আমাদের প্রায় তিন বিঘা জমি আছে, যেখানে আমাদের বসতভিটাও রয়েছে। চাচাতো ভাই আতিয়ার, মতিয়ার ও রেজাউল প্রায় ৪০ শতক জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। একাধিকবার গ্রামে সালিশ হলেও তারা মেনে নেয়নি। শনিবার সকালে প্রতিপক্ষ ট্রাক্টর নিয়ে জোর করে জমি চাষ করতে আসে। বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও বেধড়ক মারধর করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, হামলায় তার পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। তাদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের নাতি রাইজিং সান স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, এমন ঘটনায় আমরা স্তম্ভিত। একজন বয়োবৃদ্ধা মহিলাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা লাভলী বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন জমি দখল করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আব্দুল হামিদ (৫০) ও মিষ্টি খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি। তবে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।