দিনাজপুরের বিরামপুরে ১১০০ পিস মাদকদ্রব্য অ্যাম্পল ইনজেকশনসহ জিল্লুর রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের সৈমুদ্দিনের ছেলে জিল্লুরকে এই মাদকসহ আটক করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ওসি মমতাজুল হকের নির্দেশনায় আজ শনিবার ভোরে অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ওসি (তদন্ত) আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক দেশ রূপান্তরকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত জিল্লুর রহমানকে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। দিনাজপুরকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিরামপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।