গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা সভায় সদস্যদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত এক মিলনমেলায় রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এজেন্ডাভিত্তিক আলোচনায় সদস্যরা মতামত দেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ক্লাবের বিগত বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মসূচি ও পেশাগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, গাজীপুর প্রেসক্লাবে যারা সদস্য ও সহযোগী সদস্য হতে আবেদন করবেন তাদের অবশ্যই স্নাতক পাস হতে হবে।
সভায় গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, অনিল চন্দ্র মন্ডল, ফজলুল হক মোড়ল, বেলাল হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, রুহুল আমিন সজীব, মনিরুজ্জামান, আব্দুল মালেক মিয়া প্রমুখসহ ক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন।
এর আগে একই স্থানে প্রেস ক্লাবের উদ্যোগে ২০২৪ জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।