কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা নিয়ে কারও সাথে আপস হবে না। জয় বাংলা নিয়ে আমরা আপস করতে যাব না। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়েও কোনো আপস হবে না। আমাদের নেতা বঙ্গবন্ধু। আমরা সবাই তার কর্মী। আমরা স্বাধীনতা দেখতে চাই। নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।
শনিবার (২৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিউটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করে যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে। কোন সরকার যদি অন্যায় করে তাহলে আল্লাহর তরফ থেকে পতন আসে। তবে এটা তাদের একার ফসল নয়। মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল। এই বিজয় তাদের একার নয়। আমি শুনেছি বিএনপির নাকি ৬০০ থেকে ৭০০ লোক মারা গেছে। আমি ২৫ বছর যাবত শেখ হাসিনার প্রত্যেকটি অন্যায় ধরেছি। তাই কেউ যদি একা কৃতিত্ব নিতে চায় সেটা ভালো হবে না।
এ সময় বীর বিক্রম আবুল কালাম আজাদ ,বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, বীর প্রতীক ফজলুল হক, বীর প্রতীক আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।