জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জামায়াত আমিরের আক্ষেপ

জুলাই আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের যে দায়বদ্ধতা ছিল, তা সঠিকভাবে পালন হয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি এখনও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, শহীদ পরিবার ভিক্ষা চায় না। তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়।’

আজ শনিবার বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জুলাই-২৪ শহিদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ।

শহীদদের যথাযথ মর্যাদা না দেয়ায় অনুতাপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা অনুতপ্ত। কারণ শহীদদের যথাযথ মর্যাদা এখনো দেওয়া হয়নি। রাষ্ট্র এবং রাজনৈতিক দলের শহীদদের প্রতি যে দায়বদ্ধতা ছিল, তা সঠিকভাবে পালন হয়নি। ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। কিন্তু অগ্রগতি হচ্ছে না।’

জুলাই সনদ বাস্তবায়নের জন্য নিয়মিত জামাতের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা কেরানীগঞ্জ, কাশীমপুরে থাকতাম। আমাদের এগুলো ভুলে গেলে চলবে না। আমরা জুলাই পরিবারের পাশে থাকার ওয়াদাবদ্ধ থাকব। দরকার পড়লে ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব। বিচার প্রক্রিয়া আরও বৃদ্ধি করতে হবে।’

শহীদ পরিবারকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ তৈরির জন্য তাদের যথাযথ চাকরি দিয়ে পুনর্বাসন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করা প্রয়োজন। এটা কোটা নয়। এটা তাদের অধিকার।’

শহিদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার বিষয়টি কোটা নয় দাবি করে জামায়াত আমির বলেন, ‘এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটি তারা আমাদের কাছে চাননি। আমাদের কর্তব্য, তাদের হাতে এটি তুলে দিতে হবে।’