একটি দল ধর্মের কথা বলে মানুষকে প্রভাবিত করতে চাইছে: নওশাদ জমির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, একটি দল ধর্মের কথা বলে মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের একটা কথা বলবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করেছিলেন। তাদের এটাও বলবেন বিএনপি এমন একটা দল যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করে।

তেঁতুলিয়া উপজেলা মহিলা দলের আয়োজনে আজ শনিবার বিকেলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে নারীরা ঝাঁপিয়ে না পড়লে এই আন্দোলনকে সফল করা যেত না। বাংলাদেশ শুধু নয় পৃথিবীর নানা সংকটে নারীরা এভাবে এগিয়ে এসেছে। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে নারীদের বিশাল ভূমিকা রয়েছে। ৯০-এর আন্দোলনে নারীদের ভূমিকা রয়েছে। সর্বশেষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধিনতায় নারীরা যে ভূমিকা রেখেছে তা অস্বীকার করার মতো নয়।

নওশাদ জমির বলেন, দেশনায়ক তারেক রহমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে কথা হয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফ্রেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ কিছু বললে আপনারা তা বিশ্বাস করবেন না। এই নির্বাচনে অবশ্যই বিএনপি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। সরকার গঠন করলে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। বিএনপি দেশ গঠনের দায়িত্ব নিলে আগামীর বাংলাদেশ হবে প্রশান্তির।

মতবিনিময়সভায় ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মহিলাদল নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় বিএনপি দমনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তার বিবরণ তুলে ধরেন মহিলা দলের নেতারা। বিএনপির মূল দলের নেতাকর্মীরা নারী কর্মীদের মূল্যায়ন করেন না এমন অভিযোগও করেন তারা।

জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি মতবিনিময় সভার উদ্বোধন করেন। উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, তরুণ রাজনীতিবীদ, লেখক-গবেষক নওফেল জমিরসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।