মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে ৮০ বাংলাদেশিসহ অন্তত ৯৯ জনকে ফেরত পাঠিয়েছে।
সংস্থার কর্পোরেট কমিউনিকেশন ইউনিট জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইট টার্গেট করে পরিচালিত সাত ঘণ্টার একটি বিশেষ অভিযানে চার শতাধিক ব্যক্তির তথ্য যাচাইয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা সবাই পুরুষ। এর মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি। তাদের অভিবাসন যাচাইয়ে ব্যর্থতা, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য ও অতীত ভ্রমণ রেকর্ডের কারণে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’
আরও বলা হয়, দেশে ফেরত পাঠানোর আগে তারা অতিরিক্ত নথিপত্র যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, যা বিদ্যমান আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হয়েছে। এ সময় প্রেক্ষাপট যাচাই, ভ্রমণ নথিপত্র পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হয়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মানবপাচার ও সোশ্যাল ভিজিট ভিসার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে জোরদার করা হবে। এটি সক্রিয় প্রতিরোধমূলক কৌশলের অংশ।