সপ্তাহজুড়ে থাকতে পারে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৭ জুলাই) সকালে প্রকাশিত এক বিশেষ বুলেটিনে জানানো হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে উল্লিখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের মতে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের যে ধারা শুরু হয়েছে, তা সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুরো সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।

এই পরিস্থিতিতে উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি, মৎস্য ও পশুপালনের সঙ্গে যুক্তদের ঝড়বৃষ্টি ও জলাবদ্ধতার সম্ভাব্য ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।