গাজাবাসীর জন্য মানবিক ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘হান্দালা’কে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলা কর্তৃপক্ষের ভাষ্য, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েল জাহাজটি থামিয়ে আরোহীদের ‘অপহরণ’ করে নিয়ে যায়।
শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে গাজা উপকূল থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে এফএফসি জানায়, জাহাজটিতে থাকা ক্যামেরাগুলো জব্দ করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘটনার পর থেকে জাহাজের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই।
ফ্লোটিলা জানায়, ‘হান্দালা’ নামের জাহাজটিতে শিশুখাদ্য, ডায়াপার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ছিল, যা গাজার অবরুদ্ধ মানুষের জীবন বাঁচাতে পাঠানো হচ্ছিল। তাদের ভাষ্য, ইসরায়েলি বাহিনী শুধু ত্রাণসামগ্রী জব্দ করেই থামেনি, বরং জাহাজে থাকা আরোহীদেরও তুলে নিয়ে গেছে। এই ঘটনা আন্তর্জাতিক জলসীমায় ঘটানো হয়েছে, যা সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ জানিয়েছে সংস্থাটি।
ফ্রিডম ফ্লোটিলা জানায়, আটক হওয়া জাহাজে ১০টি দেশের ২১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১৯ জন আন্তর্জাতিক অধিকারকর্মী এবং ২ জন আল–জাজিরার সাংবাদিক।
এই ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা এটিকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, ‘এই ধরনের হামলার জন্য আমরা নেতানিয়াহু সরকারকে সম্পূর্ণ দায়ী করছি। গাজায় অবরোধ না ওঠা পর্যন্ত ত্রাণবাহী জাহাজের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’
অধিকারকর্মীদের সাহসিকতার প্রশংসা করে হামাস বলেছে, ‘ইহুদিবাদীদের হুমকির মধ্যেও তাদের বার্তা গাজাবাসী ও সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে।’