সুইডিশ তারকা ফুটবলার ভিক্টর ইয়োকেরেস অবশেষে আর্সেনালেই পাড়ি জমালেন। তার সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। গত মৌসুমে স্পোর্তিং লিসবনের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করা ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে পর্তুগালের ক্লাবটি থেকে ছাড়িয়ে নিতে তাদের খরচ হচ্ছে ৭ কোটি ৩৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা।
ট্রান্সফারমার্কেট জানিয়েছে, চূড়ান্ত চুক্তিতে প্রাথমিক ফি হিসেবে দিতে হবে ৬ কোটি ৩৫ লাখ ইউরো বা ৯১০ কোটি ৪৬ লাখ টাকা। বাকি ১ কোটি ইউরো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস হিসেবে দেওয়া হবে। গত রাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আর্সেনাল বলেছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর ইয়োকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।’
আর্সেনালে যোগ দেওয়ার অনুভূতি নিয়ে ভিক্টর ইয়োকেরেস বলেছেন, ‘গত মৌসুমে আমি যখন আর্সেনালের বিপক্ষে খেলি, তখন আমার সত্যিই মনে হয়েছে, এটি খুব শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে খেলা খুব কঠিন। এটাই আমাকে এই ক্লাব বেছে নিতে বাধ্য করেছে। এ ছাড়া ক্লাবটির ঐতিহ্য এবং বিশাল সমর্থকগোষ্ঠী আছে। আমি খুবই গর্বিত এই ক্লাবের অংশ হতে পেরে। নিজের সর্বোচ্চটা উজার করে দেব।’
ইয়োকেরেসকে নিয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা বলেছেন, ‘আমরা ভিক্টর ইয়োকেরেসকে ক্লাবে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। পারফরম্যান্সের ক্ষেত্রে সে যে ধারাবাহিকতা দেখিয়েছে, তা অসাধারণ। গোলে অবদানের পরিসংখ্যান ওর পক্ষেই কথা বলে। ওর অনেক গুণ। সে দ্রুত ও শক্তিশালী। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে গোল করার সক্ষমতা অবিশ্বাস্য। তার সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’