প্রায় ৩০ বছর পর চালু হচ্ছে মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী ফ্লাইট

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ফের চালু হচ্ছে মস্কো-পিয়ংইয়ং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট। ১৯৯০-এর দশকের মাঝামাঝিতে বন্ধ হওয়ার প্রায় ৩০ বছর পর দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান সংযোগ চালু হতে যাচ্ছে। খবর রয়টার্স

রাশিয়া জানিয়েছে, রবিবার (জুলাই ২৭) মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল শুরু হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক দৃঢ় করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪৪০ আসনের বোয়িং ৭৭৭-২০০ইআর যাত্রীবাহী ফ্লাইটটি মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৭টায় ছাড়বে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ৪৪ হাজার ৭০০ রুবল (প্রায় ৫৬৩ মার্কিন ডলার) দামে টিকিটগুলো দ্রুতই বিক্রি হয়ে গেছে।

রুশ বিমান সংস্থা নরডউইন্ড এয়ারলাইন্স রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া থেকে এই রুটে সপ্তাহে দুইবার ফ্লাইট চালানোর অনুমোদন পেয়েছে। তবে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চাহিদা মূল্যায়নের জন্য শুরুতে মাসে একবার করে ফ্লাইট চালানো হবে, পরে ধাপে ধাপে বাড়ানো হতে পারে।

এখন পর্যন্ত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একমাত্র সরাসরি বিমান সংযোগ ছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কোরিওর ভ্লাদিভোস্টক রুট—যা সপ্তাহে তিনবার চলাচল করে।

এই নতুন বিমান রুটটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সীমিত পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতদিন শুধুমাত্র মস্কো-পিয়ংইয়ং ট্রেন যোগাযোগ (যাত্রা সময় প্রায় ১০ দিন) ও উত্তর কোরিয়ার এয়ার কোরিওর ভ্লাদিভোস্টক রুট ছিল যাত্রী পরিবহনের একমাত্র মাধ্যম। গত মাসেই দীর্ঘদিন বন্ধ থাকার পর রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।