বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মেহেনাজ আক্তার হুমায়রার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়ায় হুমায়রার বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে তারেক রহমানের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন পিন্টু।
আব্দুস সালাম পিন্টু বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটি নিষ্পাপ শিশু এভাবে প্রাণ হারাবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল মহলের আরও সচেতনতা ও জবাবদিহির প্রয়োজন ছিল। এমন দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং থাকবে। আমরা এই পরিবারের প্রতি সহানুভূতিশীল ও একাত্ম।’
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, হুমায়রার পরিবার ও স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়িতে গত সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মারা যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা। সে সখীপুর উপজেলার হতেয়া গ্রামের দেলোয়ার হোসেন রানার একমাত্র কন্যা।