গাজায় নতুন করে ত্রাণ বিতরণ শুরু করেছে জর্ডান, আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও জর্ডান গাজা উপত্যকায় নতুন করে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এর আগে গাজার উত্তরাঞ্চলে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ২টার (বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা) মধ্যে একটি ত্রাণ সরবরাহ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন একজন আমিরাতি কর্মকর্তা।

এদিকে রবিবার ইসরায়েল জানায়, তারা গাজার কিছু অংশে প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান বন্ধ রাখার পাশাপাশি নতুন মানবিক করিডোর চালু করবে।

গাজায় মানবিক বিপর্যয় এবং যুদ্ধবিরতির জন্য কাতারের দোহায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় ইসরায়েল আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে। আল-মাওয়াসি একটি নির্ধারিত মানবিক করিডোর যা উপকূল বরাবর বিস্তৃত। কেন্দ্রীয় দেইর আল-বালাহ ও গাজা শহরের কিছু অংশ এর অন্তর্ভুক্ত।

সেনাবাহিনী আরও বলেছে, খাদ্য ও ওষুধ সরবরাহকারী ট্রাকের জন্য সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট নিরাপদ রুট চালু থাকবে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, নির্ধারিত বিরতির সময়কালে ক্ষুধার্তদের খাদ্য সরবরাহ জোরদার করা হবে।

তবে কেন্দ্রীয় গাজার আল-আওদা ও আল-আকসা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ইসরায়েলি গুলিতে ত্রাণ নিতে আসা অন্তত ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানাতে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।