ফরিদপুর মহানগর ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আহমেদ জুবায়ের নিলয়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মলনে নিলয়ের মা লায়লা বেগম অভিযোগ করে বলেন, গত ২৫ জুলাই ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সিজানের নেতৃত্বে ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা খান তরঙ্গ, ফরিদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিল আহমেদ মুন্নাসহ অজ্ঞাত ৫/৬ জন তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার পুত্রবধূকে মারধোর করে। এ সময় হামলাকারীরা নিলয়কে তুলে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও অভিযোগ করে বলেন, এ ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও কোতয়ালী থানা পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি। হামলার ঘটনার সঙ্গে জড়িত কাউকেও গ্রেপ্তার না করারও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিলয়ের মা লায়লা বেগম।
সংবাদ সম্মেলনে হামলায় আহত নিলয়ের স্ত্রী তানজিলা খান ইশা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।