পানির অপর নাম জীবন কথাটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ পানির বিকল্প নেই। কিন্তু সুপেয় খনিজ পানির ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে বোতলজাত খনিজ পানির লিটার প্রতি গড় দাম ৪০ টাকা। সবচেয়ে বেশি দামে পানি বিক্রি হয় সুইজারল্যান্ডে।
পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এক লিটার বোতলজাত পানির দাম অন্তত ৫৬০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে এক লিটারে ১ হাজার ৫৯০ টাকাও দাম পড়ে।
বোতলজাত পানির দামের ক্ষেত্রে শীর্ষে ১০টি দেশের মধ্যে আরও রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ইসরায়েল। এসব দেশে এক লিটার বোতলজাত পানির জন্য ২৫০ থেকে ৩০০ টাকা গুনতে হয়। এর মধ্যে অস্ট্রিয়ায় ৩২৫ টাকা, বেলজিয়ামে ৩১৬, নেদারল্যান্ডসে ৩১২, অস্ট্রেলিয়ায় ২৭৪ ও ইসরায়েলে দাম পড়ে ২৬৯ টাকা।
অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর মতে, বেশ কিছু কারণে বোতলজাত পানি বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে। কিন্তু অন্যান্য পানীয়র পাশাপাশি সুপেয় পানির দামও বেড়েই চলেছে। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে পানির দামে বেশ তারতম্যও দেখা যায়।
সংস্থাটির হিসাবে, সবচেয়ে বেশি দামে বোতলজাত পানি বিক্রি হওয়া দেশগুলোর শীর্ষ পাঁচটিই ইউরোপের। সুইজারল্যান্ড ছাড়া অন্য চারটি দেশ হলো লুক্সেমবার্গ, ডেনমার্ক, জার্মানি ও নরওয়ে। এসব দেশে এক লিটার বোতলজাত পানির দাম যথাক্রমে ৪১৫, ৩৫৭, ৩৩০ ও ৩২৯ টাকা।
বিশ্বের ১০০টি দেশে বোতলজাত পানির দাম বিশ্লেষণ করে বৈশ্বিক এই তালিকা তৈরি করেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। আর এই তালিকায় সবচেয়ে শেষের দিকে আছে বাংলাদেশ।
সংস্থাটির দেওয়া তথ্যমতে, বাংলাদেশে এক লিটার পানির জন্য ২০ টাকা গুনতে হয়। বাংলাদেশের চেয়ে কম দামে পানি পাওয়া যায় শুধু মিসরে। দেশটিতে এক লিটার বোতলজাত পানির দাম গড়ে ১৫ টাকা।
এ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে এক লিটার বোতলজাত পানির দাম যথাক্রমে ২৫, ৩২, ৫৫ ও ২৫ টাকা।