ফুটবল মাঠে যেমন আলো ছড়ান, তেমনি ক্যামেরার সামনেও নজর কাড়েন লিওনেল মেসি। তবে এবার তিনি শিরোনামে এসেছেন একটি ঘড়ির জন্য। গতকাল (২৬ জুলাই), একটি বিশেষ অনুষ্ঠানে মেসির হাতে দেখা গেছে রোলেক্স ডেটোনার একটি দুর্লভ মডেল, যেটিকে ঘড়ি প্রেমীরা ডাকেন "বার্বি" নামে।
এই ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের ইয়েলো গোল্ড দিয়ে এবং এতে বসানো রয়েছে গোলাপি স্যাফায়ার পাথর। চোখধাঁধানো রঙ ও দুষ্প্রাপ্য নকশার কারণে ঘড়িটির বাজারমূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা!
ঘড়িটি মূলত রোলেক্স ডেটোনার ‘রেইনবো’ সিরিজের অনন্য সংস্করণ। সাধারণত এই মডেলের ঘড়ি তৈরি হয় খুবই সীমিত সংখ্যায়। তাই এই ঘড়ি পরা মানে শুধু বিলাসিতা নয়, একরকম স্টেটমেন্টও।
অতীতে লেব্রন জেমস, মার্ক ওয়াহলবার্গ, রজার ফেদেরারদের মতো তারকাদের হাতে দেখা গেছে এ ধরণের বিলাসবহুল রোলেক্স। এবার সেই তালিকায় যুক্ত হলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিও।