আগামী শনিবারের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হলে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ৬ দফা দাবির মধ্যে রয়েছেÑ সকল ট্যাংকলরির ইকোনমিক লাইফ সাধারণ বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের মতো ২৫ বছর নির্ধারণ বাতিল করে বাস্তব ভিত্তিতে করা, সারা বাংলাদেশে ট্যাংকলরি চলাচলের রুট পারমিট প্রদান, অন্যান্য বাণিজ্যিক গাড়ির মতো হঠাৎ করে আয়কর ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করার গেজেট বাতিল করা, ট্যাংকলরি চালকদের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্স যোগ্যতার ভিত্তিতে হেভি লাইসেন্স দ্রুত প্রদান, ট্যাংকলরির চালকদের হাইওয়ে ও জেলা পুলিশের কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ এবং পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অমীমাংসিত দাবিগুলো দ্রুত সমাধান করা।