ধর্মঘটের হুঁশিয়ারি পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের

সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

লিখিত বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, সম্প্রতি ২০ ও ২৫ বছরের পুরনো যানবাহন সড়ক থেকে সরানোর নির্দেশনায় বিভিন্ন জেলায় ধর্মঘট ডাকা হয়, যা অচলাবস্থার শঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতি নিরসনে ২০ জুলাই একটি যৌথ সভায় ১৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। দাবি না মানলে ১২ আগস্ট থেকে সারা দেশে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত হয়।

লিখিত বক্তব্যে দাবিগুলো উপস্থাপন করেন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯৮ ও ১০৫ নম্বর ধারাসহ আমাদের সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। এ ছাড়া যেসব গাড়ি ফিটনেস পাবে না বা বায়ুদূষণ যন্ত্রের মাধ্যমে পরিবেশ দূষণ করে বলে প্রমাণিত হয় সেসব গাড়ি নতুন-পুরাতন বিবেচনা যাই হোক না কেন চলাচলে অযোগ্য ঘোষণা করতে হবে।