শ্রাবণের বৃষ্টিতে ঢাকার বাতাসে সামান্য উন্নতি দেখা দিয়েছে। এতে করে বায়ুদূষণের দিক থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ৮টায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।
বাতাসের মান ও দূষণের তথ্য লাইভ সূচকের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে আসছে আইকিউএয়ার। তারা প্রতিটি শহরের বায়ুমানের সূচক নির্ধারণ করে জানায় কোন এলাকার বাতাস কতটা নির্মল বা বিপজ্জনক, সেই সঙ্গে দেয় সতর্কতাও।
সোমবার সকালে প্রকাশিত তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে শীর্ষে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা, যার একিউআই স্কোর ১৮০। এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ১৭৪, এটিও ‘অস্বাস্থ্যকর’ ধাপে পড়ে।
তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা শহর, যেখানে স্কোর ১৭২। এটিও নাগরিকদের স্বাস্থ্যঝুঁকির জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে।
অন্যদিকে ঢাকা শহরের স্কোর ৯২, যা ‘সহনীয়’ বায়ুগুণমানের অন্তর্ভুক্ত। তবে সংবেদনশীল ব্যক্তি যেমন শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের রোগীদের ক্ষেত্রে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।