শ্রীলঙ্কান সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কৌশল সিলভাকে হংকং দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩৯ বছর বয়সী সিলভা ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৯টি টেস্ট খেলেছেন, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি। এই তিন সেঞ্চুরির প্রথমটি তিনি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে মিরপুরে। কৌশল সিলভার প্রথম এসাইনমেন্টও হবে বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে এশিয়া কাপে। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে হংকং খেলবে বাংলাদেশ ছাড়াও খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক ইউএই ও ওমান।
ইংল্যান্ডে স্বল্পকালীন কোচিংয়ের পর ২০১৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় কাজ করছেন সিলভা। সর্বশেষ তিনি দায়িত্ব পালন করেছেন সুপারকিংস ক্রিকেট একাডেমিতে। এবার তিনি সাইমন উইলিসের স্থলাভিষিক্ত হিসেবে হংকং দলে যুক্ত হচ্ছেন, যা তার কোচিং ক্যারিয়ারে অ্যাসোসিয়েট ক্রিকেটের প্রথম বড় পদক্ষেপ।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিলভা বলেছেন, "হংকং দলে কোচিংয়ের সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। প্রতিভাবান একটি দল নিয়ে কাজ করার অপেক্ষায় আছি।"
সিলভা আরও বলেন, “হংকং ক্রিকেটে অপার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই। সিনিয়র স্কোয়াডে জয়ের মানসিকতা তৈরি এবং ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা খুঁজে বের করাই হবে আমার মূল লক্ষ্য।”