ভারত-পাকিস্তানের খেলা বন্ধ রাখা যাবে না, মত সৌরভ গাঙ্গুলির

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো আপত্তি নেই ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তার মতে, সন্ত্রাস বন্ধ হওয়া জরুরি, তবে খেলা চালিয়ে যাওয়া উচিত।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে একসঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। 

এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, 'আমি সূচি নিয়ে একদম ঠিক আছি। খেলা বন্ধ করা যাবে না। পাহেলগামের ঘটনা কখনোই ঘটার কথা নয়, তবে সেটার কারণে খেলাকে থামিয়ে রাখা উচিত না। সন্ত্রাস বন্ধ হতেই হবে। ভারত এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, এখন সেটা অতীত। খেলা চলতেই হবে।'

এই গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়াও আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।

ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ভারতের সব ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। ২১ সেপ্টেম্বর ‘সুপার ফোর’ পর্বেও আবার দেখা হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

এই ১৯ ম্যাচের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৭ সদস্যের স্কোয়াড নেওয়ার অনুমতি দেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ম্যাচগুলো হবে দুবাই ও আবুধাবিতে।

যদিও আয়োজক বোর্ড হচ্ছে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড), তবে ভারত ও পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে পৌঁছেছে বলে টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

উল্লেখ্য, পাহেলগাম হামলার পর দুই দেশের সম্পর্ক অত্যন্ত টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিন্দুর’ চালানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবুও কূটনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে রাজি হয়েছে দুই দেশ।