জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরন করছে না। তিনি বলেন, জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেনিং ফিল্ডের বিষয়টি দেখা হবে।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১জন শহীদের পরিবারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুসারে হতে হবে । কিন্তু সেই বিষয়ে ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে এনসিপির। তবে ৫ আগস্টের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আশাবাদী তারা।
এ সময় গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বক্তব্যের ঘটনায় নেত্রকোনা জেলাতে বিএনপির প্রতিবাদকে অধিকার হিসেবে বলছেন নাহিদ। এছাড়াও বিএনপির মন্তব্য থাকলে তা ব্যক্ত করার আহ্বান জানান তিনি।
এরপর অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আজ জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়। পরে বকুলতলা চত্ত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গতকাল শেরপুরে পদযাত্রা ও পথসভা শেষে রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ সড়কপথে জামালপুরে এসে পৌছায়। পরে হযরত শাহ জামাল (রঃ) এর মাজার জিয়ারত ও দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ কর্মসূচি শেষে নেতৃবৃন্দের ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।