ফায়ার অ্যালার্ম বাজায় ঐকমত্য কমিশনের স্থগিত বৈঠক ফের শুরু

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত করা হয়। সাময়িক বিরতির পর আতঙ্কিত কাটিয়ে ফের আলোচনা শুরু করেছে কমিশনের সদস্য ও আলোচনা অংশ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা।

সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।

এর আগে সকাল ১১টায় একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ২০তম দিনের বৈঠক শুরু হয়। আলোচনার একপর্যায়ে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়ে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তার দল এই আলোচনায় অংশ নেবে না। তিনি বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তি ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি করবে।

তবে কিছুক্ষণ পর আবারও আলোচনায় ফিরে আসে বিএনপি। এদিকে, বৈঠক চলাকালীন ফায়ার অ্যালার্ম বাজায় সেখান থেকে তাৎক্ষণিকভাবে সবাই বের হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বৈঠক স্থগিত করা হয়।

আলোচনায় অংশ নিতে যাওয়া গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে কেউ ভুলে অথবা কারও সিগারেটের ধোয়া ফায়ার এলার্মের সিস্টেমে পৌঁছানোর কারণে এলার্ম বেজে উঠেছে। ১২টা ৪৫ মিনিট থেকে আবারও আলোচনা শুরু হয়েছে।