হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এ বাজেট ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এটি দ্বিতীয়বারের মতো বাজেট উপস্থাপন করা হলো।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা সরকার ইউজিসির মাধ্যমে অনুদান হিসেবে দেবে, আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে থেকে আসবে ৩০ লাখ টাকা। নতুন বাজেট গত অর্থবছরের তুলনায় ১ কোটি ৩৪ লাখ টাকা বেশি, যা ৮.৯৩ শতাংশ প্রবৃদ্ধি।
আবর্তক ও মূলধন ব্যয়
২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট আবর্তক ব্যয় নির্ধারিত হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে:
- বেতন: ৩ কোটি ৪৭ লাখ টাকা
- ভাতা: ২ কোটি ৪৭ লাখ
- পণ্য ও সেবা সহায়তা: ৪ কোটি ৯১ লাখ
- গবেষণা অনুদান: ২১ লাখ
- প্রাথমিক স্বাস্থ্যসেবা: ১ লাখ ৫০ হাজার
- অন্যান্য অনুদান: ২১ লাখ ৫০ হাজার
এছাড়া, মোট মূলধন ব্যয় ৫ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি ২ কোটি ৯৩ লাখ, যানবাহন ৯২ লাখ, আইসিটি অনুদান ৭০ লাখ ও অন্যান্য খাতে ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ছাত্রকল্যাণ বাজেট
২০২৫-২৬ অর্থবছরে ছাত্রকল্যাণে বরাদ্দ ৫৭ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে:
- মেধা ও বৃত্তি: ২০ লাখ ৫০ হাজার
- ছাত্রী হল: ১৯ লাখ ৯২ হাজার
- শিক্ষা সফর ও ফিল্ড ওয়ার্ক: ৮ লাখ
- খেলাধুলা: ৫ লাখ
- বিএনসিসি ও রোভার স্কাউট: ৫০ হাজার
- ক্রীড়া সামগ্রী: ৪ লাখ টাকা
উপাচার্য জানান, গত অর্থবছর থেকেই সব ধরনের ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে, যা আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান ও হবিগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।