কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। 

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত আমির বাংলাদেশের টেকসই উন্নয়ন, পোশাক শিল্পের সম্ভাবনা এবং প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী নির্বাচন ও রাজনৈতিক সংস্কার বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রক্রিয়া চলছে। আমরা সরকারকে সহযোগিতা করছি এবং আশা করি, ঐকমত্যের ভিত্তিতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি রমজানের আগে ভোটের প্রস্তাবের কথা উল্লেখ করেন। এছাড়া পিআর পদ্ধতির সুবিধা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে।