তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ, সরব বিসিবিও

মাঠে বল হাতে আগুন ঝরালেও, এবার মাঠের বাইরের এক ঘটনায় শিরোনামে তাসকিন আহমেদ। জাতীয় দলের তারকা এই পেসারের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেছেন, রবিবার রাতে মিরপুর-১ এলাকায় তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও ভয়ভীতি দেখিয়েছেন। ঘটনার পরপরই তিনি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

থানা সূত্রে জানা গেছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনো পরিষ্কার নয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, তাসকিন কিল-ঘুষি মেরে সৌরভকে জখম করেন, এবং পরবর্তীতে তাকে হুমকিও দেন।

তাসকিন অবশ্য অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, "এটি সম্পূর্ণ বানানো একটি অভিযোগ। আমি পারিবারিক কাজে ব্যস্ত আছি। আমি কাউকে মারিনি। এটি আমাকে হয়রানি করার একটি চেষ্টা।"

ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে খবরটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও দেখেছেন। বিসিবির পক্ষ থেকে তদন্ত শুরু হয়ে গেছে। যদি ঘটনা সত্য হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। আইকন প্লেয়ারদের এ ধরনের ঘটনায় জড়ানো অনভিপ্রেত। বিস্তারিত না জেনে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’

ঘটনা সম্পর্কে তাসকিন আহমেদের বক্তব্য জানার জন্য ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এমনকি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

মাত্র ক'দিন আগেই তাসকিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ পারফরম্যান্স করে সবার প্রশংসা কুড়ান। তবে এবার আলোচনার কেন্দ্রে তিনি মাঠের বাইরের কারণে।