সমুদ্র সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী আটক

কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল বশরকে (২৬) আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টায় একই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল বশর কুমিল্লা জেলার সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের ভাগালপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন প্রেরিত এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরো জানানো হয়, গত ২৪ জুলাই সকাল ১১টায় সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে একজন পুরুষ কর্তৃক একজন নারীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। একই সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

অভিযুক্ত বশর প্রায়ই যৌতুক দাবি করে ভিকটিমকে মারধর করত। তেমনি ঘটনার দিন সকালে যৌতুক আদায় করার জন্য মারধর করে। এ ব্যাপারে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।