ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে রিশাভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্ট ড্রয়ের পর দেশে ফিরে যাচ্ছেন পান্ত। শেষ টেস্টের জন্য পান্তের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন নারায়ণ জগদিশান।
ম্যানচেস্টার টেস্ট শেষ হওয়ার পরই ভারতীয় নির্বাচকরা আনুষ্ঠানিকভাবে পান্তের বদলি হিসেবে তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটার এন জগদিশানের নাম জানান। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিনে ব্যাট করার সময় ক্রিস ওকসের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে বুটে আঘাত পান পান্ত। এরপর তিনি আর খেলতে পারেননি। স্ক্যান পরীক্ষায় ফ্র্যাকশ্চার নিশ্চিত হয়।
জগদিশান ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ৮ ম্যাচে ৬৭৪ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে জগদিশান ৫২ ম্যাচে ৪৭.৫০ গড়ে ৩৩৭৩ রান করেন। তার সেঞ্চুরি ১০টি, ফিফটি আছে ১৪টি।
চতুর্থ টেস্টের আগে ভারতের আকাশ দীপ (কুঁচকিতে), আর্শদীপ সিং (আঙুলে) এবং নিতিশ রেড্ডি (হাঁটুতে) চোট পান। নিতিশকে সিরিজ থেকে বাদ দেওয়া হলেও আকাশ এবং আর্শদীপ দুজনই লন্ডনে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য প্রস্তুত।