দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাহিদের

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহে এনসিপির পদযাত্রা ও সমাবেশ এ আহ্বান জানান তিনি।

এদিন বেলা পাঁচটার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে নগরীর টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। এর আগে তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছে। তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমুজুর। যাদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। অবকাঠামোগত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে, বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি নদকেও ধ্বংস করেছে।

তিনি বলেন, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি। ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণা পত্র আদায় করবো। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জনগণের পাশে দাঁড়ানোর এবং দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি এবং সেলফিবাজি করছেন তাদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে। প্রত্যেক ইউনিয়নে নিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা মানুষকে বুঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধ ভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ময়মনসিংহে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। প্রশাসনের লোকজন আহত এবং শহীদ পরিবারের কোনো কথা শুনছেন না। তারা চাঁদাবাজ ও তেলবাজদের নিয়ে ব্যস্ত। কোনো আহত ভাই যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনার চেয়ার থাকবেন না। মনে রাখবেন আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলবো যারা শহীদ এবং আহত পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।

এছাড়া জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির কর্মসূচি উপলক্ষে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।